
খায়রুল ইসলাম, স্টাফ রিপোর্টার |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নিজ পুত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধ পিতা। অভিযোগে মাদকাসক্তি, মারধর, হত্যার হুমকি ও বসতবাড়ি ভাঙচুরের মতো গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মোঃ আব্দুল হাকিম সরকার (৭৪), পিতা মৃত আব্দুল মজিদ সরকার, সাং-চকমাকড়া, ডাকঘর আমতলী বাজার, ইউনিয়ন রাখালবুরুজ, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। তিনি জানান, তার একমাত্র পুত্র মোঃ রাশিক মিয়া (২৮) দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকে আসক্ত।
অভিযোগে বলা হয়, নেশার টাকা জোগাড় করতে গিয়ে রাশিক মিয়া নিয়মিতভাবে পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ধারালো অস্ত্র নিয়ে মারধর ও হত্যার হুমকি দেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং, দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত রাশিক মিয়া টাকা দাবি করলে পিতা আব্দুল হাকিম সরকার টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বসতবাড়ির উত্তর দিকের শয়নঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং ধারালো হাসুয়া নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সাক্ষী হিসেবে মোঃ তৌহিদ সরকার (৩২), মোছাঃ আফরোজা খাতুন (২৭) ও মোছাঃ শিউলী বেগম (৪০)-সহ স্থানীয় একাধিক প্রতিবেশীর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগী পরিবারটি আশঙ্কা প্রকাশ করে জানায়, যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরুপায় হয়ে তারা গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।