
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত প্রার্থী মাওলানা এস এম শাহজাহান তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি উপজেলার ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
ভোটদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথা বলেন। এসময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও শান্ত মেজাজে দেখা যায়।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা এস এম শাহজাহান বলেন, “সকাল সকাল নিজের ভোটটি দিতে পেরে আমি সন্তুষ্ট। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে। আমি আশা করছি, সারাদিন ভোটাররা কোনো বিঘ্ন ছাড়াই কেন্দ্রে আসতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন।”
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “জনগণ যদি শেষ পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিতে পারে, তবে আনোয়ারা-কর্ণফুলীর ফলাফল সাধারণ মানুষের পক্ষেই যাবে। আমি জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী।”
এসময় তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। ভোট দেওয়া শেষে তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।