পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জাপান বাড়ি চারকোল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা প্রায় তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়।
চারকোল কোম্পানির মালিক রইচউদ্দিন খান জানান, শ্রমিকরা সোলা পোড়ানোর কাজ করার সময় আগুনের ফুলকা উড়ে পাশের সোলার গাদিতে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুর রহিম সরদার জানান, শ্রমিকদের অসাবধানতার কারণে সোলা পোড়ানোর আগুনের ফুলকা সোলার গাদিতে পড়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।