জেলা প্রতিনিধি ভোলা : ভোলার মনপুরা উপজেলায় জনতা থেকে বেথুয়া নৌরুটে চরম জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, কাদাময় চরভূমি দিয়ে ওঠানামা এবং জোয়ার-ভাটার উপর নির্ভরশীল চলাচলের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

সরজমিনে দেখা যায়, নির্দিষ্ট ঘাট না থাকায় যাত্রীদের কোমরসমান কাদাপানির মধ্যে দিয়ে নৌকায় উঠতে ও নামতে হচ্ছে। এতে অনেক সময় শিশু ও বৃদ্ধরা পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকিতে থাকেন। বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, এই রুটে নিয়মিত কোনো সরকারি বা নিরাপদ নৌযান নেই। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের পুরোনো নৌযানে যাতায়াত করতে হয়। অতিরিক্ত ভাড়া আদায় হলেও নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা।

একজন যাত্রী বলেন,প্রতিদিন এভাবে কাদার মধ্যে দিয়ে নৌকায় উঠানামা করতে হয়। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে চলাচল করি। কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না।

এলাকাবাসীর দাবি, জনতা বেথুয়া রুটে দ্রুত একটি স্থায়ী ঘাট নির্মাণ, নিরাপদ নৌযান চালু এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় জনগণ।