খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফুলমতি ওই এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলমতির সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতরে ফুলমতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত মরদেহটি নিচে নামান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে ফুলমতিকে হত্যা করেছেন তার স্বামী ফয়েজ উদ্দিন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামীর উপর অভিমান করে ফুলমতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।