কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করা হয়।

রোববার (০৪ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে নৌবাহিনীর টহলরত একটি জাহাজ সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নৌযানটিতে থাকা বিপুল সংখ্যক যাত্রীকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সহায়তায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনের চেষ্টা করছিলেন। নৌযানটি মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করে জানায়, আটককৃতদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমায় মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।