বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়েছে। দলটির চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ জানুয়ারি ঢাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালনের মাধ্যমে সূচনা হবে। একই দিনে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া (রোডমার্চ) এলাকায় পর্যায়ক্রমে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১২ জানুয়ারি রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর ও ঠাকুরগাঁও (রোডমার্চ) এলাকায় দলীয় কর্মসূচি পালনের কথা রয়েছে। পরদিন ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর (রোডমার্চ) এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) এলাকায় কর্মসূচির পর ঢাকায় সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আহতদের সুস্থতা কামনা করা হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।