সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ যাবৎকালের অন্যতম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ লক্ষ্য অর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার আশাশুনি থানা পরিদর্শনকালে পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি আরেফিন জুয়েল বলেন, “ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সাধারণ মানুষের আস্থা অর্জন করা অত্যন্ত জরুরি।” তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি গ্রাম পুলিশদেরও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম এবং জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস এম আব্দুল আলীম।
এ সময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান, পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াদুদসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।