গোবিন্দগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়া (হ্যান্ডকাপ) পরিহিত অবস্থায় থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ছিনিয়ে নেয়া হাতকড়া উদ্ধারসহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এছাহাক আলী বাদী হয়ে পলাতক ওই আসামিসহ হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ ওই এলাকার অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় ডেভিল হান্ট ফেস-২ গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জানুয়ারি দিবাগত রাতে এসআই এছাহাক আলী সঙ্গীয় ফোর্সসহ শাখাহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওই ইউনিয়নের খাড়িতা গ্রামস্থ খাড়িতা নগরপাড়া হাফেজিয়া মাদ্রাসার পেছনে অবস্থান করছে। এসময় আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে এসআইয়ের সঙ্গীয় কনস্টেবল তৌহিদুল ইসলাম আসামির হাতে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে আসছিলেন। এ সময় ওই এলাকার অন্যান্য আসামিরা সঙ্গবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়ীর গতিরোধ করে হামলা চালিয়ে কনসটেবল তৌহিদুল ইসলামের বাম হাতে কামড় দিয়ে আহত করে হাতকড়া পরিহিত গ্রেপ্তারকৃত আসামী সাইফুলকে ছিনিয়ে নিয়ে যায়।