গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুশান্ত কুমার ওরফে দিনার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণসংক্রান্ত চাপের কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সুশান্ত ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি (কৈপাড়া) গ্রামের বাসিন্দা ও প্রয়াত ধীরেন নাথ মাস্টারের ছেলে। তিনি পৌর শহরের ঝিলপাড়াস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এআই নেটওয়ার্ক) কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন সুশান্ত। সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ হাসপাতালের রেজিস্ট্রার খাতার বরাতে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (পিএসআই) মাহাবুব জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি ঋণগ্রস্ত ছিলেন এবং দেনাদারদের চাপের কারণে তিনি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।