মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, ১ হাজার কেজি পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্য জব্দ করা হয়। অভিযানে পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।