বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মোহাম্মদীয়া হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ২৮-কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনকে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন এ অঞ্চলের মানুষ অবহেলিত থেকেছে। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. হায়দার আলী, কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদত হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসউদ, নেতা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।