রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক মিলনমেলা ও বনভোজন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় প্রেসক্লাব-রাজশাহী প্রেসক্লাবের এই আয়োজনকে ঘিরে জেলার প্রতিটি উপজেলা ও রাজশাহী মহানগরের সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে। সকাল ১০টা থেকে আগত অতিথি ও সাংবাদিকদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। বেলা ১১টায় উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে। সাংবাদিকতা পেশায় তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
দুপুর ১টা ২০ মিনিটে নামাজের বিরতির পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজ ও বনভোজন অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা ৪৫ মিনিটে সম্মাননা স্মারক প্রদান এবং বিকাল ৩টায় সাংস্কৃতিক আড্ডা, মিলনমেলা ও লটারি অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা মামুন এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতেই এই মিলনমেলার আয়োজন। তাঁরা সকল সাংবাদিককে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।
রাজশাহী প্রেসক্লাবের এই বার্ষিক মিলনমেলা সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন, স্মরণীয় ও মিলনমুখর দিন হয়ে উঠবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।